লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়ে মৃত সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) পোদ্দার বাজার সংলগ্ন আবু সিংগের বাড়িতে আপন দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাহাঙ্গীরের ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন। অভিযোগ অনুযায়ী, তখন আলমগীর তাকে লক্ষ্য করে পেটে লাথি মারেন। এতে ওই নারী গুরুতর আহত হলে স্বজনরা তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেলিভারির সময় তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, সংঘর্ষের সময় পেটে আঘাত লাগার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল