জেলার সংবাদ

লক্ষ্মীপুরে গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরের

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিন নামের এক কিশোর বর নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক কিশোরীর বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।


পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাতে কনের বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বর মাহিনও অংশ নেন। পরে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।


রবিবার (২৩ আগস্ট) বৌ-ভাতের আয়োজন ছিল। তবে বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ২ পরিবারের আনন্দ পরিণত হয়েছে শোকে। কনের বাড়িতে দাওয়াতি রান্নার জন্য আনা হাঁড়ি-পাতিল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। অতিথিদের বসানোর জন্য আনা প্লাস্টিকের চেয়ারগুলোও আর সাজানো হয়নি। খালি পড়ে রয়েছে বরের জন্য নির্ধারিত বসার স্থান।


নিহত মাহিনের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘গায়ে হলুদ থেকে ফেরার পথে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স কম ছিল। ২ দিন আগে তাদের বিয়ে হয়েছিল। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। সেখানে বর অংশ নেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দাফনও সম্পন্ন হয়েছে।’


কনের মামা জাহেদুন সোহেল বলেন, ‘শনিবার রাতে আমার ভাগনির গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে বরও এসেছিল। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়।’


তিনি জানান, বর ও কনের বয়স আনুমানিক ১৪-১৫ বছর। বয়স কম হওয়ায় ২ দিন আগেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছিল। রবিবার (২৩ আগস্ট) বৌ-ভাতের আয়োজন ছিল। শনিবার রাতেও সবাই আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু গায়ে হলুদ শেষে বরের মৃত্যুর খবর আসার পর পুরো আয়োজন শোকে পরিণত হয়।


এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দুর্ঘটনার বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন