জেলার সংবাদ

লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ডাকাতি: ২৯ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক গৃহকর্তাকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২৬ লাখ টাকা সমমূল্যের স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সরাসরি ডাকাতিতে অংশ নেওয়া দুজন এবং লুণ্ঠিত স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত তিন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ গভীর রাতে কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা গৃহকর্তাকে বেঁধে জিম্মি করে প্রায় ২৯ ভরি ৬ আনা স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।

 

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ডাকাতির মূল অভিযুক্ত খোরশেদ আলম ও শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণ কেনার অপরাধে শুভ কর্মকার, অরূপ রায় ও স্বরূপ রায় নামের তিন স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয় এবং তাদের কাছ থেকে আরও কিছু স্বর্ণ উদ্ধার করা হয়।

 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন