লক্ষ্মীপুরে নাছির আহমদ নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন এবং বছর খানেক আগে চাকরি থেকে অবসর নেন। আহতরা হলেন নাছির আহমদের ছেলে ইমরান (২১), প্রতিবেশী মিজানুর রহমান ও নাছির আহমদ।
স্থানীয়রা জানান, সকালে নাছির আহমদের ছেলে ইমরান রক্তাক্ত অবস্থায় গলা কাটা নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে নাছির আহমদ তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরও দুইজন গুরুতর আহত হন। হামলার একপর্যায়ে নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপ দেন। পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন