লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন জাহিদ নামে এক ছাত্রদল নেতা। গত শনিবার (২ মে) রাতে জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। জাহিদ জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।
ফেসবুক লাইভে ৯ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাহিদকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে দলের জন্য শ্রম দিলেও নতুন কমিটিতে তাকে মূল্যায়ন করা হয়নি। লাইভে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, তা কী করে ভুলব? আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।'
জাহিদ দাবি করেন, নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করায় তিনি মনে ভীষণ কষ্ট পেয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল আবুল বারাকাতকে আহ্বায়ক এবং হাসিবুর রহমানকে সদস্যসচিব করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। সর্বশেষ ২০১৮ সালে এই জেলার ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল।
ডিবিসি/আরএসএল