বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি নিজান

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রামগতি থানায় এসব মামলা করা হয়। মামলার আসামিদের মধ্যে দুইজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এর মধ্যে চর পোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে তারা শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করার অভিযোগও রয়েছে আসামিদের বিরুদ্ধে।

 

এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক মামলা দুটি করেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন চর রমিজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান এবং চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেনসহ ২৬ জন নেতাকর্মী।

 

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান জানান, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের দলে কোনো জায়গা নেই। অপরাধীর পরিচয় যাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন