জেলার সংবাদ

লক্ষ্মীপুরে পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় পাঠদানকালে হঠাৎ অসুস্থ হয়ে ক্বারী ইব্রাহীম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সাগরদী এলাকার হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

মাদরাসা সূত্রে জানা গেছে, সোমবার সকালে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করছিলেন ক্বারী ইব্রাহীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি শ্রেণিকক্ষেই ঢলে পড়েন। পরে দ্রুত তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

 

ক্বারী ইব্রাহীম প্রায় ২০ বছর ধরে মধ্য সাগরদী হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কোরআন শিক্ষাদানের সঙ্গেও যুক্ত ছিলেন।

 

সোমবার জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

মাদরাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ‘ক্বারী ইব্রাহীম প্রায় ২০ বছর ধরে এই মাদরাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তাঁর মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত।’

 

মাদরাসার সহসভাপতি হারুনুর রশিদ বলেন, ‘ক্বারী ইব্রাহীম একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। কর্মস্থলে পাঠদানের সময় তাঁর এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন।’

 

পাঠদানরত অবস্থায় ওই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন