জেলার সংবাদ

লক্ষ্মীপুরে পানির পাইপ বসাতে মাটি খোঁড়ার সময় ৩টি মর্টার শেল উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় তিনটি মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্ব পাশে বস্তুগুলো দেখতে পায় শ্রমিকরা।


পুলিশ জানিয়েছে, মর্টার শেলগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে আসবেন। জানা যায়, আ স ম আবদুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। মাটি খোঁড়ার একপর্যায়ে তারা মাটির নিচে রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পান। বস্তুগুলো দেখে আতঙ্কিত শ্রমিকরা প্রথমে সেগুলোর ছবি তুলে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে লাল টেপ দিয়ে এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, মাটি খোঁড়ার সময় তিনটি রকেটসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। জেলা পুলিশের নির্দেশনায় ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোমা নিষ্ক্রিয়কারী দল আসবে বলে জানান তিনি। এগুলো কত পুরোনো এবং এগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না, তা পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন