নির্বাচনি প্রচারণার মাঝে লক্ষ্মীপুরে পৃথক দুটি রাজনৈতিক গণমিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় জেলা শহরে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও জামায়াত কর্মী আব্দুস সহিদ এবং একই এলাকার আব্দুল মুনাফের ছেলে বিএনপি কর্মী ওবায়দুল হক। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. রেজাউল করিমের সমর্থনে একটি গণমিছিল বের করা হয়। মিছিলে যোগ দিতে আসার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুস সহিদ। দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সন্ধ্যায় একই আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সমর্থনে আয়োজিত বিশাল গণমিছিলে অংশ নেন ওবায়দুল হক। মিছিল চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের আরএমও ডা. অরূপ পাল জানান, আলাদা সময়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তারা পথেই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
একই এলাকার দুই কর্মীর এমন আকস্মিক প্রয়াণে উত্তর বাঞ্চানগরসহ পুরো জেলা শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর সহকর্মীদের স্তব্ধতায় উৎসবের আমেজ শোকে পরিণত হয়েছে। বিএনপির দাবি অনুযায়ী, তাদের সমাবেশে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ছিল; অন্যদিকে জামায়াতের দাবি, তাদের কর্মসূচিতে ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই দুই কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ডিবিসি/ এসএফএল