বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় ‎স্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বারণ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে।

রবিবার (১৯ জুলাই) গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এই পাশবিক ঘটনা ঘটে। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

 

ছড়িয়ে পড়া ২ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, মারধরের শিকার হয়ে গৃহবধূ মরিয়ম বিছানায় ও মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং কাঁদছেন। এ সময় স্বামী জহিরুল বিছানার ওপর বসে তাকে গালমন্দ করছেন। পাশেই তাদের ৫ মাস বয়সী শিশু সন্তানকে পড়ে থাকতে দেখা যায়। অভিযুক্ত জহিরুল ব্রম্মপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই বছর আগে চট্টগ্রামের মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন জহিরুল। সেখানে ওয়াপদা টেকের পাশে ঘর করে তারা সংসার করছিলেন। মরিয়মের আত্মীয়-স্বজন কাছাকাছি না থাকায় স্বামী জহিরুল প্রায়ই তার ওপর নির্যাতন চালাতেন। ঘরে ৫ মাসের ছোট শিশু থাকায় রবিবার রাতে জহিরুলকে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে বাইরে যেতে বারণ করেন মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রীর হাত-পা ভেঙে দেন। মরিয়মের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে জহিরুল পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, জহিরুল মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি নিয়ে থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন