লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। নির্বাচনের আগমুহূর্তে নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ এই ক্যামেরা চুরির ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতারা।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানান, কেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে স্কুলটি ছুটি দেওয়া হয়। পরবর্তী তিন দিন বন্ধ থাকার পর গত ২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বিদ্যালয় খোলার পর দেখা যায়, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটিই চুরি হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনাকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ মন্তব্য করেছেন, এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা। অন্যদিকে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চুরির মাধ্যমে নির্বাচনে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা চলছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে বড় প্রতিবন্ধকতা।
এ বিষয়ে জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, চুরির বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন