লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শিপন (২২) উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
আজ বুধবার দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে শিপন বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য মেঘনা নদীতে মইজাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তার পায়ে জালের রশি পেঁচিয়ে গেলে তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর স্থানীয় ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহত শিপন জীবিকার তাগিদে নদী থেকে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করে বিক্রি করতেন। মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজ হওয়ার ৩ দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/ এইচএপি