জেলার সংবাদ

লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ল ১১ ঘর, অভিযুক্তকে গণপিটুনি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬ ০১:১২:৪৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল হোসেন এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। অভিযোগ রয়েছে, এরই জেরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

 

খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এদিকে, আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়রা সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবক সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের বসতঘর পুড়ে যায়। স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন