জেলার সংবাদ

লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিলন (৪০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মেঘনা নদীর তীরবর্তী একটি চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. মিলন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর একটি চরে ঘুরতে যান মিলন। সেখানে ফুটবল খেলার সময় বলটি নদীতে পড়ে যায়। পরে মিলনসহ চার বন্ধু বলটি আনতে নদীতে নামেন। এ সময় মেঘনা নদীর প্রবল স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হন মিলন।

 

খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেন। ডুবুরি দল ও নৌযানের সহায়তায় শুক্রবার দিনভর ব্যাপক উদ্ধার অভিযান চালানো হলেও মিলনের সন্ধান পাওয়া যায়নি।

 

এরপর শনিবার মেঘনা নদীর তীরবর্তী একটি চরে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মিলনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মেঘনা নদীর তীরবর্তী একটি চর থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে গিয়ে মরদেহটি ওই চরে আটকা পড়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন