লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নিশান ওরফে ছোট নিশানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ থানার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, তিনি চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে নিশানকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা অস্ত্র-গুলি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।