লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
নিহত ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনুস সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। তারা ব্যর্থ হলে সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
পরে সন্ধ্যায় রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে অভিযান চালানো হয়।
প্রায় আধা ঘণ্টা অভিযান চালানোর পর খালের পানির নিচে বাঁশের ঝোপের ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/এমএনকে