লক্ষ্মীপুরে সুপারি পেড়ে না দেওয়ায় রিশাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু রিশাদ ওই এলাকার ফতু ব্যাপারি বাড়ির সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম রুবেল (৩৫), সে একই এলাকার মিলনের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত রুবেল একজন মাদকাসক্ত। শনিবার সন্ধ্যায় সে শিশু রিশাদকে গাছ থেকে সুপারি পাড়তে বলে। রিশাদ সুপারি পাড়তে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার পেটে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশু রিশাদের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম আফজাল জানান, রিশাদ নামের ওই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারবেজ জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল