জেলার সংবাদ

লক্ষ্মীপুরে সুপারি বাগানের নিচে গোপন সুড়ঙ্গে মাদকের আস্তানা, অভিযুক্ত পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে একটি সুপারি বাগানের নিচে মাটি খুঁড়ে তৈরি করা গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এই সুড়ঙ্গটি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রফুল্ল সাহার বাড়ির পাশের নির্জন বাগানে তৈরি করা এই সুড়ঙ্গের ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সুড়ঙ্গটির প্রবেশমুখ অত্যন্ত কৌশলে বাঁশ ও গাছের ডাল দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছিল যে বাইরে থেকে এর অস্তিত্ব বোঝার কোনো উপায় ছিল না। ভেতরে প্রবেশের জন্য সিঁড়ি এবং বসার জন্য বিছানাও পাতা ছিল, যেখানে একসঙ্গে তিন থেকে চারজন অনায়াসে অবস্থান করতে পারতেন।

 

প্রফুল্ল সাহার বাড়ির বাসিন্দা সুজন সাহা ওরফে ভক্ত গোপনে এই সুড়ঙ্গটি তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এই সুড়ঙ্গকে তিনি তার অপকর্মের আস্তানা হিসেবে ব্যবহার করতেন। তাকে একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও আগে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

 

সম্প্রতি এলাকার কয়েকজন যুবক রাতে তাকে অনুসরণ করলে এই সুড়ঙ্গের বিষয়টি উন্মোচিত হয়। সুড়ঙ্গের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সুড়ঙ্গটি ভেঙে দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন সাহার বাড়ি তালাবদ্ধ দেখা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর পরই তিনি ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।

 

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন