লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত অবস্থায় সিলিং ফ্যান পড়ে চিকিৎসাধীন সামিয়া (৮) নামে এক শিশু আহত হয়েছে। জ্বর ও সর্দি নিয়ে ওই হাসপাতালের শিশু ওয়ার্ডের ৬ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছিল সে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হঠাৎ ফ্যান ঝোলানোর হুক ভেঙে সামিয়ার গায়ের ওপর পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেন।
আহত সামিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালা উদ্দিনের মেয়ে। রোগীর স্বজনেরা জানান, দীর্ঘদিনের পুরোনো এই ভবনের ছাদ ও দেয়াল থেকে কিছুদিন পরপরই পলেস্তারা খসে পড়ছে। আজ ছাদ থেকে হুক ভেঙে ফ্যান পড়ে আহত হয়েছে সামিয়া। দ্রুত ভবনটি সংস্কার না করলে বড় ধরনের বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সোহেল রানা জানান, দীর্ঘদিনের পুরোনো ছাদের হুক ও সিলিং ফ্যানের স্ট্যান্ড ভেঙে সামিয়ার গায়ে পড়ে এবং সে মাথায় আঘাত পায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছে।
ডিবিসি/কেএলডি