বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির সঙ্গে থানায় পোষা বানর

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. রাজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে গ্রেপ্তারের সময় গিয়াস উদ্দিনের সঙ্গে ছিল তার পোষা বানর। আসামির সঙ্গে বানরটিকেও থানায় নিয়ে আসা হলে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।


সোমবার রাতে বানরটিকে থানায় আনার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় জমায় কৌতূহলী মানুষ। রাজ নামের এই বানরটি থানার ভেতরে ছোটাছুটি করতে থাকায় সেটিকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের বেশ হিমশিম খেতে হয়। পুলিশ জানিয়েছে, বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।


পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার গিয়াস উদ্দিন রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার রাতে তিনি রাজিবের অটোরিকশা ভাড়া নিয়ে একটি নির্জন স্থানে যান। সেখানে মাদক সেবনের একপর্যায়ে তিনি রাজিবের অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে রাজিব বাধা দিলে গিয়াস হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করেন।


পরদিন শনিবার দুপুরে চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, হত্যার পর লাশ বাগানে ফেলে রেখে হায়দারগঞ্জ বাজারে অটোরিকশাটি বিক্রির চেষ্টা করেছিলেন গিয়াস। কিন্তু বিক্রি করতে ব্যর্থ হয়ে সেটি এক পরিচিতের বাড়িতে লুকিয়ে রেখে তিনি পালিয়ে যান।


ওসি আরও বলেন, গিয়াস উদ্দিন যেখানেই যেতেন, তার পোষা বানর রাজকে সঙ্গে রাখতেন। পালিয়ে যাওয়ার সময়ও তিনি বানরটিকে সঙ্গে নিয়ে যান। অভিযান চালিয়ে তাকে বানরসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গিয়াস রাজিবকে হত্যার কথা স্বীকার করেছেন।


বর্তমানে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন