ইনিংসের মাত্র ১১ বল বাকি থাকতে ক্রিজে আসেন হৃদয়। শেষ ওভারের প্রথম বল খেলার সময়ও তার সংগ্রহ ছিল ২ বলে মাত্র ১ রান। তবে শাহনেওয়াজ দাহানির করা ইনিংসের শেষ ওভারে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। ওই ওভারে জাফনার তোলা ৩১ রানের মধ্যে একাই ৩০ রান করেন তিনি। ওভারের প্রথম তিন বলে টানা তিনটি ছক্কার পর চতুর্থ বলে ২ রান নেন হৃদয়। এরপর পঞ্চম বলে ছক্কা এবং শেষ বলে চার মেরে মাত্র ৮ বলে অপরাজিত ৩১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি। ৩৮৭.৫০ স্ট্রাইক রেটের এই ইনিংসে ভর করে ১৮ ওভারে ১৬৪ রান করা জাফনা নির্ধারিত ২০ ওভারে ২০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
এই রান তাড়া করতে নেমে কলম্বো ১৮৩ রানে থেমে যায়। ফলে ১৯ রানের জয় পায় জাফনা। দলের এই বড় সংগ্রহের পথে ব্যাট হাতে দারুণ ভূমিকা রাখেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও ওপেনার কামিল মিশারা। রানআউট হওয়ার আগে জাদরান ৬৫ বলে ৯৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন এবং মিশারা ১৯ বলে করেন ৪৪ রান।
জাফনার হয়ে খেলা বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে ৩ ওভার বোলিং করে ২৭ রান দিলেও তিনি কোনো উইকেটের দেখা পাননি। তবে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ৩০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে বল হাতে দলের জয়ে মূল কাজটা করেন। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৪টি জয় নিয়ে ৮ পয়েন্টসহ পয়েন্ট তালিকার ২ নম্বরে উঠে এসেছে জাফনা।
ডিবিসি/এফএইচআর