আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে লঞ্চের টিকিট কাটার জন্য যাত্রীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিজ্ঞপ্তিতে মালামাল পরিবহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানানো হয়েছে, ঈদের আগের পাঁচ দিন ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাওয়া কোনো যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন করা যাবে না। একইভাবে ঈদের পরের পাঁচ দিন দেশের অন্যান্য বন্দর থেকে সদরঘাটে আসা কোনো যাত্রীবাহী নৌযানেও মালামাল বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত চব্বিশ ঘণ্টা সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এ ছাড়া ফেরি পারাপারের ক্ষেত্রে জানানো হয়েছে যে, ঈদের আগে ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি পারাপার বন্ধ থাকবে।
নৌপথে চলাচলকারী যাত্রীদের যেকোনো জরুরি প্রয়োজনে বা সেবা সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর ১৬১১৩-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিসি/টিবিএ