রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম শহিদকে হেনস্তা করার অভিযোগ উঠেছে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন নুরুল ইসলাম শহিদ।
ভুক্তভোগী নুরুল ইসলাম শহিদ জানান, গত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শন করা হচ্ছিল। খেলা শুরুর ৩০ মিনিটের মাথায় তিনি মাঠের এলইডি স্ক্রিনের পাশে ভিপির (সহ-সভাপতি) সাথে বসে খেলা দেখছিলেন। সেখানে বসার ঠিক এক মিনিট পর রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এবং সহ-ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সামি এসে তাকে ওই স্থান থেকে সরে যেতে বলেন।
তিনি সরে যাওয়ার কারণ জানতে চাইলে রাকসু জিএস আম্মার ক্ষিপ্ত হয়ে তার গেঞ্জির কলার ধরে টানাটানি করেন এবং 'এখানে কেউ অবস্থান করতে পারবে না' বলে সাফ জানিয়ে দেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক নির্ধারিত স্থান থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে মারধর ও হেনস্তার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, আমি শহিদের গায়ে স্পর্শও করিনি, তার টি-শার্টেও হাত দিইনি। তিনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। উল্টো তিনি আমার প্রতি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, আমি তার জবাবও দিইনি।
ডিবিসি/এসএফএল