আন্তর্জাতিক, ইউরোপ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এবার বাংলায় দিকনির্দেশনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই নভেম্বর ২০২৫ ০৯:৪৬:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারের ডিসপ্লে বোর্ডে এবার বাংলায় লেখা দিকনির্দেশনা দেখা গেছে। ইংরেজি, আরবি, হিন্দিসহ আরও কয়েকটি ভাষার পাশাপাশি বাংলায় এই নির্দেশনা প্রদর্শিত হচ্ছে।

বুধবার (১২ই নভেম্বর) হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল ৪-এর ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এ নির্দেশনা দেখা যায়। প্রদর্শিত বাংলা বার্তার মধ্যে রয়েছে: ‘অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।’

 

হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় প্রদর্শিত এই নির্দেশনা দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত বোধ করছেন। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি ও অবদানের স্বীকৃতি।

 

এর আগে বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বাংলা ভাষার বহুল ব্যবহার দেখা গেছে। ব্যস্ত পাতাল রেলস্টেশন হোয়াইটচ্যাপলের প্রবেশপথে ২০২২ সালের মার্চে ইংরেজির পাশাপাশি বাংলায় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’ লেখা হয়। এ ছাড়া টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট, ফুর্নিয়ার স্ট্রিটসহ বেশ কয়েকটি রাস্তার নামও ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা রয়েছে।

 

এসব এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে স্থানীয়ভাবে বেশ কিছু প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুল।

 

পাশাপাশি, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে আটটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। সব মিলিয়ে লন্ডনের এই অংশটি এখন যুক্তরাজ্যের ‘বাংলা সাংস্কৃতিক মানচিত্রের’ কেন্দ্রস্থল হিসেবে পরিচিতি পেয়েছে।

 

কমিউনিটির প্রতিনিধিরা বলছেন, হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা যোগ হওয়ায় যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমানতা নতুন মাত্রা পেল।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন