বাংলাদেশ, জাতীয়

লন্ডনে চিকিৎসাধীন রাষ্ট্রপতির হার্টে রিং পরানো হয়েছে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। বর্তমানে তার হার্টে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবন প্রেস উইং সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ও সন্তোষজনক।

মঙ্গলবার (১২ মে) দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজের বিখ্যাত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টিফেন হোলির তত্ত্বাবধানে এই পরীক্ষা চলাকালীন হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টির মাধ্যমে সেখানে একটি রিং পরানোর সিদ্ধান্ত নেন।


অস্ত্রোপচার পরবর্তী সময়ে রাষ্ট্রপতি বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।


উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকেই তিনি রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালের চিকিৎসকদের অধীনে ফলোআপ চিকিৎসা নিচ্ছিলেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ ২৬ মাস তিনি নিয়মিত ফলোআপের জন্য বিদেশে যেতে পারেননি। গত ৯ মে তিনি দীর্ঘ বিরতির পর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পৌঁছান।


রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ডা. এ কে এম ফয়জুল হক বলেন, রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর একটি ব্লক ধরা পড়ে এবং সফলভাবে রিং পরানো হয়েছে। তিনি এখন স্থিতিশীল আছেন।


সবকিছু ঠিক থাকলে এবং চিকিৎসকদের ছাড়পত্র পেলে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন