যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে আকবর হোসেন লিখেছেন, ‘ডিয়ার অল, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।’
তবে তাঁর এই পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কবে থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে কিংবা তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
অন্তর্বর্তী সরকার আকবর হোসেনকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়। এর আগে আকবর হোসেন মজুমদার বিবিসি বাংলার ঢাকা অফিসের সাংবাদিক ছিলেন।
ডিবিসি/কেএলডি