পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই মহিমান্বিত রাতের তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে ইবাদত ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রমজান মাসের এই বরকতময় রাতেই পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। এই রাতটি সমগ্র মানবজাতির জন্য অশেষ কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। তওবা, দোয়া এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ তৈরি হয় এই রাতে।
রমজান মাসকে সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলি জাগরণের মাস হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদরের সুমহান শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।
বাণীর শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই রাতের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবার বেশি বেশি ইবাদত করা উচিত। একইসঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, সম্প্রীতি ও সার্বিক কল্যাণের পথে আরও এগিয়ে যায়।