জেলার সংবাদ

লালমনিরহাটে এক ইউনিয়নের সার অন্যত্র বিক্রি, আটকের পর বিএনপি নেতাকে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত সার অন্য এলাকায় পাচার ও খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে বিএনপি নেতা আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় অবস্থিত 'রহমান ট্রেডার্স'-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম নয়ন রুদ্রেশ্বর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।


স্থানীয়রা জানান, কাকিনা ইউনিয়নের কৃষকদের বরাদ্দকৃত সার স্থানীয় পয়েন্টে না দিয়ে অন্য স্থানে গোপনে বিক্রি করে আসছিলেন ডিলারশিপের সংশ্লিষ্ট পরিচালনাকারী নয়ন। রবিবার দুপুরে কাকিনার 'রহমান ট্রেডার্স'-এ কৃষকরা সার কিনতে গিয়ে সার পাননি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকরা। একপর্যায়ে সার না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কৃষকরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন এবং বিএনপি নেতা আরিফুল ইসলাম নয়নকে নিজ প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রাখেন।


খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি ডিলারের গুদাম ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এক অঞ্চলের সার অন্য অঞ্চলে বিক্রির সত্যতা পান।


পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকদের সামনে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকদের ন্যায্য প্রাপ্য সার অন্যত্রে পাচার বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই। গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের আন্দোলনের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্তকে আর্থিক জরিমানা করা হয়েছে। সার বিতরণে অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ২০ হাজার টাকা জরিমানা আদায় সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনার পর ওই এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন