লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকায় তিস্তা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মৃত সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল। এর মধ্যে সিফাত কলেজছাত্র এবং স্বচ্ছ নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে গ্রামের সহপাঠীদের সাথে খেলতে যায় সিফাত ও স্বচ্ছ। খেলা শেষে স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসলে নামে। একপর্যায়ে সে নদীর গভীর পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় ভাই সিফাত আহমেদও নদীতে লাফ দেয়। এতে দুজনেই নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাবলু অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাই গোসলে নেমে গভীর পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়েই বড় ভাইও ডুবে মারা যায়। পরে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল