জেলার সংবাদ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা সোনালী ব্যাংক চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পশ্চিম সারডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সড়কসংলগ্ন একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী জহুরুল ও মজিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অটোরিকশা ও আশপাশে থাকা আরও ৫ জন গুরুতর আহত হন।

 

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন