লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওই তরুণীর দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আহত হয়েছেন। রবিবার (৩১ মে) বিকেলে লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে যান পুলিশ কনস্টেবল মমিন। সেখান থেকে রবিবার বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে শ্যালিকা ও দুলাভাই দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল