জেলার সংবাদ

লালমনিরহাটে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ জালের পাইকারি ব্যবসায়ী রমজান আলীকে (১৯) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর বাজারে নিষিদ্ধ জালের আড়তে অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। সাজাপ্রাপ্ত রমজান আলী একই ইউনিয়নের মহিষাশহর গ্রামের শামছুল হকের ছেলে।


উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, উপজেলার মহিষাশহর বাজারে নিষিদ্ধঘোষিত কারেন্ট ও চায়না দুয়ারি জালের পাইকারি ব্যবসা করছিলেন শামছুল হক ও তার ছেলে রমজান আলী। তারা নিভৃত পল্লি অঞ্চলের এই ছোট বাজার থেকে কয়েক বছর ধরে পুরো রংপুর বিভাগে এসব নিষিদ্ধ জাল পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এর আগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের সতর্ক করে জরিমানাসহ এসব জাল বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়েছিল।


গোপন সংবাদের ভিত্তিতে রোববার পুলিশ নিয়ে ওই নিষিদ্ধ জালের আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। এ সময় ৫৯টি কারেন্ট জাল ও ১০৭টি চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল মজুত, সরবরাহ ও বিক্রির দায়ে রমজান আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, সাজাপ্রাপ্ত জাল ব্যবসায়ী রমজান আলীকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন