জেলার সংবাদ

লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা দাবি, মহিলা দল নেত্রী বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি শেলী খাতুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত শেলী খাতুন লালমনিরহাট শহরের আলোরূপা এলাকার বাসিন্দা।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলার যৌথ স্বাক্ষরিত বহিষ্কারপত্রে জানানো হয়, শেলী খাতুন ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে দলীয় পদ-পদবি ব্যবহার করে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। 

 

এছাড়া তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা জানান, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির জেরে একটি মারধরের ঘটনার খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলায় জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে তাঁকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় প্রভাব খাটিয়ে শেলী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে তিনি এলাকার দরিদ্র নারীদের কাছে কার্ডপ্রতি ১০ হাজার টাকা করে দাবি করেন। এরই মধ্যে অন্তত চারজন নারী তাঁকে টাকা পরিশোধ করেছেন বলে অভিযোগ উঠেছে। আলেয়া বেওয়া (৫৫) নামের এক স্থানীয় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি দিনমজুরি করে কোনোমতে সংসার চালান। শেলী খাতুন প্রথমে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন এবং পরে সাফ জানিয়ে দেন যে ১০ হাজার টাকা না দিলে কোনো ফ্যামিলি কার্ড দেওয়া হবে না।

 

এসব অভিযোগের জেরে গত ৫ আগস্ট রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী নারীরা শেলী খাতুনকে ডেকে এনে জবাবদিহি চান। সে সময় টাকা না দিলে কার্ড মিলবে না বলে তিনি আবারও সাফ জানিয়ে দিলে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উপস্থিত নারীরা তাঁকে গণধোলাই দেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শেলী খাতুন। নিজেকে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি করে তিনি বলেন, একটি কুচক্রী মহল ফ্যামিলি কার্ডের মিথ্যা নাটক সাজিয়ে তাঁকে ফাঁসিয়েছে এবং দল থেকে বহিষ্কার করিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন