লালমনিরহাটে মাদক মামলায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ (৪৮) দুইজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন একই উপজেলার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে লুকিয়ে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই মাদকসহ হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর পরই কঠোর পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্তদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি। তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধী জনপ্রতিনিধি হলেও যে আইনের হাত থেকে পার পাওয়ার সুযোগ নেই, এই রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।
ডিবিসি/আরএসএল