লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা।
গ্রেপ্তার ইউসুফ আলী উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনেশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুর নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক।
মামলার এজাহার ও স্থানীয়রা জানান, নিজ ক্লিনিকে প্রতিবেশী এক পোশাক শ্রমিক ও তার পরিবারের চিকিৎসার সুবাদে ওই বাড়ির সাথে সখ্য গড়ে তোলেন ইউসুফ আলী। সেই থেকে ওই বাড়ির নারীদের ওপর লোলুপ দৃষ্টি পড়ে ইউসুফের। বাড়িটির মালিক পোশাক শ্রমিক কাজের সুবাদে ঢাকায় অবস্থান করায় সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করছেন ওই স্কুলছাত্রীর মা।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ওই বাড়ির এক শিশু অসুস্থ হওয়ায় তাকে নিয়ে তার মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যান। ফলে বাড়িতে একা ছিল অষ্টম শ্রেণি পড়ুয়া ওই বাড়ির মেয়ে। ওই বাড়ির এসব খবর জানতেন ইউসুফ আলী।
বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এ সুযোগে তার মায়ের মোবাইল নম্বর নেয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন ইউসুফ আলী। এরপর বাড়ির গেট ও রুমের দরজা বন্ধ করে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মুখ খুলে দিলে মেয়েটি চিৎকার দিতে চেষ্টা করলে তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক ইউসুফ আলী। এরপর তাকে বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
স্কুলছাত্রীর অসুস্থতা বাড়লে মোবাইলে তার মাকে বিষয়টি জানায়। পরে স্কুলছাত্রীকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) সকালে অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন স্কুলছাত্রীর মা।
অভিযুক্ত ইউসুফ আলী প্রকাশ্যে চলাফেরা করলেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ওপর ক্ষুব্ধ হন নির্যাতিতা স্কুলছাত্রীর সহপাঠী ও এলাকাবাসী। রবিবার (২৩ আগস্ট) ধর্ষক ইউসুফ আলীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে নড়েচড়ে বসে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার লতাবর গ্রাম থেকে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবিসি/এসভিএন