বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী শিহাব আহম্মেদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

হামলার খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর শত শত সমর্থক রাস্তায় নেমে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

 

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। 

 

এ বিষয়ে আহত স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ জানান, শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় তাদের ওপর পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। মাঠের পরিস্থিতি অস্থিতিশীল হলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস হারাবে উল্লেখ করে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তারা প্রার্থীর কাছে গিয়ে তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তেজিত সমর্থকদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে পরিবেশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন