লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৬) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) দুপুরে বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হৃদয় ওই এলাকার এরশাদ হুজুরের ছেলে। অভিযোগ উঠেছে, ঘরোয়া বিবাদের একপর্যায়ে উম্মে জান্নাত সাথী প্রায় ৯-১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু দিয়ে তার স্বামীর গলা কাটার চেষ্টা করেন।
রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটি উদ্ধার করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/পিআরএএনঋ