লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় অটোচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির। এর আগে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইজিবাইক উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ শাহজাহান কলোনি এলাকার একটি সড়ক থেকে প্রথমে চক্রের সদস্য সুভাষ চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাঘাট বাজারের ‘শুভ অটো সেন্টার’-এ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে আরও চারটি চোরাই ইজিবাইক এবং বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে শুভ অটো সেন্টারের মালিক সুকুমার রায় কৌশলে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পাঁচটি ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে ডিবির ওসি রওশন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার এবং পাঁচটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। চুরির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসএফএল