লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্তে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) সকালে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের খবর পেয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ওই টহল দল ডিগ্রির চর এলাকায় ব্যাপক তল্লাশি চালালে একপর্যায়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত পিস্তল ও গুলিটি উদ্ধার করতে সক্ষম হয়।
এই অভিযানের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। একইসঙ্গে এই অস্ত্র চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজও অব্যাহত রয়েছে।
ডিবিসি/পিআরএএন