ব্রাজিলের একটি ফুটবল টুর্নামেন্টে লাল কার্ড দেখানোর জেরে রেফারির ওপর নারকীয় হামলা চালিয়েছেন এক ফুটবলার। মাথা দিয়ে সজোরে আঘাত করে রেফারির মুখের হাড় ভেঙে দিয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় ওই রেফারিকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অস্ত্রোপচার লাগতে পারে বলেও জানা গেছে।
সম্প্রতি ব্রাজিলের ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস অ্যামেচার চ্যাম্পিয়নশিপে অ্যাথেনাস ও সালভে কেব্রাদার মধ্যকার ম্যাচে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি জুলিয়ানো আসিস দে সুজা। খেলা চলাকালে প্রোজেতো অ্যাথেনাস দলের খেলোয়াড় ফ্যাবিনহো সহিংস আচরণ করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এতে মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে তেড়ে যান ফ্যাবিনহো এবং আচমকা তার মুখে সজোরে মাথা দিয়ে আঘাত করে বসেন।
পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ফুটবলার। তবে এই ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল। অভিযুক্ত খেলোয়াড় ফ্যাবিনহোকে পৌরসভা আয়োজিত সব ধরনের প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তার দল অ্যাথেনাসকে চলতি টুর্নামেন্ট থেকে বহিষ্কারের পাশাপাশি দেশের ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এদিকে, আহত রেফারি জুলিয়ানো সুজা নিশ্চিত করেছেন যে, তিনি হামলাকারী ওই খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে যাচ্ছেন। অন্যদিকে, অ্যাথেনাস ক্লাবও এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযুক্ত খেলোয়াড়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানিয়েছে। শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সূত্র: ওলে ডট কম
ডিবিসি/এফএইচআর