আন্তর্জাতিক

লিজেন্ড নেইমারের কাছে আবেগঘন বার্তায় ক্ষমা চাইলেন নরওয়ের গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে নরওয়ে। সেই ম্যাচে পেনাল্টি শট নেওয়াকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল নরওয়ের গোলরক্ষক অর্জান নাইল্যান্ডের। তবে স্মরণীয় সেই জয়ের পর কোনো ধরনের বিদ্বেষ না রেখে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান সুপারস্টারকে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই নরওয়েজিয়ান গোলরক্ষক।

ম্যাচ শেষে নেইমারের কান্নারত একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন নাইল্যান্ড। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ’মাঠের লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা যা-ই থাকুক না কেন, আমি আপনার ভক্ত। স্যরি, লিজেন্ড (দুঃখিত কিংবদন্তি)।’ টুর্নামেন্টের অন্যতম আবেগপূর্ণ এই ম্যাচের পর গোলরক্ষকের এমন শ্রদ্ধাপূর্ণ বার্তার প্রশংসা করছেন ফুটবল ভক্তরা।

 

ঘটনার সূত্রপাত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে, যখন বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের শিকার হতে যাচ্ছিল ব্রাজিল। স্পট কিক নিতে আসেন নেইমার। তখন মানসিক চাপ তৈরির জন্য নাইল্যান্ড চিৎকার করে নেইমারকে বলেন, ’আমি তোমার শট আটকে দেব।’ জবাবে নেইমার পাল্টা প্রশ্ন করেন, ’তুমি নিশ্চিত? তুমি কী চাও আমি কোথায় শট নিই?’ এরপর আত্মবিশ্বাসের সাথে পেনাল্টি থেকে গোল করার পর নেইমার নাইল্যান্ডকে উদ্দেশ্য করে বলেন, ’তুমি পারোনি, তুমি পারোনি।’

 

নেইমার পেনাল্টি থেকে গোল করলেও শেষ রক্ষা হয়নি ব্রাজিলের। ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এই হার নেইমারের জন্য ছিল চরম যন্ত্রণাদায়ক। সম্ভবত নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলে চূড়ান্ত বাঁশি বাজার পর অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তিনি। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন