আন্তর্জাতিক

লিবিয়ায় অর্ডার করার ১৬ বছর পরে ফোন হাতে পেলেন ক্রেতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১২ই জানুয়ারী ২০২৬ ০৮:৪৬:১৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনলাইনে অর্ডার করার মাত্র কয়েক দিনের মধ্যেই পণ্য হাতে পাওয়ার যুগে লিবিয়ায় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ২০১০ সালে অর্ডার করা মোবাইল ফোনের একটি চালান দীর্ঘ ১৬ বছর পর অবশেষে প্রাপকের হাতে পৌঁছেছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলির এক মোবাইল বিক্রেতা সম্প্রতি এই চালানটি গ্রহণ করেন।

১৬ বছর আগে অর্ডার করা ওই চালানে ছিল নকিয়ার ক্লাসিক সব বাটন ফোন। এর মধ্যে রয়েছে নকিয়া মিউজিক এডিশন এবং একসময়ের আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ‘কমিউনিকেটর’ মডেলের সেটগুলো। ২০১০ সালে এগুলো ছিল প্রযুক্তির সর্বশেষ সংস্করণ, যা ২০২৬ সালে এসে এখন রীতিমতো ‘ভিনটেজ’ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদা পাচ্ছে।

 

সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ফোনের প্রেরক এবং প্রাপক উভয়েই ত্রিপোলি শহরের বাসিন্দা এবং তাঁদের অবস্থান একে অপরের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল। তবুও ২০১১ সালে লিবিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধ এবং মুয়ামমার গাদ্দাফির পতনের পর দেশটির কাস্টমস ও পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এই চালানটি একটি গুদামে আটকা পড়ে যায়। দীর্ঘ দেড় দশক ধরে সেটি লোকচক্ষুর আড়ালে পড়ে ছিল।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পুরানো আমলের নকিয়া ফোনের বাক্স খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই দোকানদার তাঁর বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছেন এবং মজা করে প্রশ্ন করছেন, এগুলো কি ফোন, নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন?

 

মূলত ২০১১ সালের ন্যাটোভুক্ত বাহিনীর সহায়তায় গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়া রাজনৈতিকভাবে বিভক্ত। বর্তমানে ত্রিপোলিতে জাতিসংঘ স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলে জেনারেল খলিফা হাফতারের সমর্থিত প্রশাসনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলমান রয়েছে।

 

তথ্যসূত্র টিআরটি ওয়াল্ড

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন