উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি রাবারের নৌকা উল্টে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। ৫৫ জন যাত্রী বহনকারী রাবারের নৌকাতে দুইজন শিশুও ছিল। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই ঘটনার তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন।
উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে মাত্র দুজন নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়, যারা উভয়ই নাইজেরিয়ার নাগরিক।
বেঁচে যাওয়া ওই দুই নারী আইওএমকে জানান, তাদের একজন এই দুর্ঘটনায় তার স্বামীকে হারিয়েছেন এবং অপরজন তার দুই সন্তানকে হারিয়েছেন। আইওএম-এর উদ্ধারকারী দলের সদস্যরা তাদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে। তবে দুর্ঘটনার খবর পেতে কেন বিলম্ব হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালে শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। আইওএম জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে কেবল জানুয়ারি মাসেই ভয়াবহ শীতকালীন আবহাওয়ার কারণে অন্তত ৩৭৫ জন অভিবাসীর প্রাণহানি বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
ডিবসি/টিবিএ