যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এই তথ্য জানিয়েছে। একইসঙ্গে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে তাঁদের সম্মাননা গ্রহণ করবেন।
জানা গেছে, স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তাঁর মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত এই দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরদিন তাঁদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। নিখোঁজের প্রায় আট দিন পর শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই কয়েকটি কালো রঙের আবর্জনা ফেলার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
ডিবিসি/এফএইচআর