ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ার কাটানোর পর এবার নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।
আজারবাইজানের শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসি তাঁকে দলে নিতে বেশ আগ্রহী। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যক্তিগত শর্তাবলির বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতাও সম্পন্ন হয়েছে। তবে এই দলবদলের বিষয়ে কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, ফলে সমর্থকদের চূড়ান্ত খবরের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, সাবাহ এফসি গত কয়েক সপ্তাহ ধরে ২৮ বছর বয়সী এই ইংলিশ-বাংলাদেশি মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য আলোচনা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত সব শর্তে উভয় পক্ষ একমত হওয়ায় নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতে তাঁর মাঠে নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
গত মৌসুমে হামজা মূল ক্লাব লেস্টার সিটি ছেড়ে ধারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন। এর আগে তিনি ওয়াটফোর্ডেও ধারে খেলেছিলেন। তবে তাঁর পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় কেটেছে লেস্টার সিটির জার্সিতেই। লেস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান তিনি। পরবর্তীতে ২০২৩-২৪ মৌসুমে দলটির চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়েও তিনি স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী বর্তমানে তাঁর বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার দারুণ সুযোগ পাবেন হামজা চৌধুরী। আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি ইতিমধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড অতিক্রম করে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল চূড়ান্ত হলে ইউরোপের সেরা এই ক্লাব প্রতিযোগিতার বাছাইপর্বেও নতুন ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ তৈরি হবে এই মিডফিল্ডারের।