লেবাননকে কোনোভাবেই আরেকটি গাজা হতে দেয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছে স্লোভাকিয়া। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে সম্মান জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। চলমান সংঘাত নিরসনে কূটনীতি, সংলাপ ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউরাই ব্লানার।
স্লোভাক সংবাদ সংস্থা টিএএসআর-এর বরাত দিয়ে জানা যায়, সোমবার ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লানার এসব কথা বলেন।
গাজা উপত্যকাসহ মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইরান-সংশ্লিষ্ট উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা চাই না লেবানন গাজার আরেকটি অংশে পরিণত হোক। আর সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো ইসরায়েলেরও মেনে চলা প্রয়োজন।’
আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতের বিষয়ে স্লোভাকিয়া ও স্পেনের দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ব্লানার। বর্তমানে চলমান বৈশ্বিক সংকটগুলোতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও উভয় নেতা একমত পোষণ করেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টায় ইইউ-এর একটি সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
এ সময় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেজ ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পক্ষে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন যে, সর্বত্র ও প্রতিটি প্রেক্ষাপটেই আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।
বৈশ্বিক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি এই সংবাদ সম্মেলনে দুই দেশের মন্ত্রীরা নিজেদের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
মোটরগাড়ি শিল্প, অবকাঠামো উন্নয়ন, রেলপথ এবং প্রতিরক্ষা খাতে স্লোভাকিয়া ও স্পেনের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এর মধ্য দিয়ে দেশ দুটি বৈশ্বিক সংঘাত নিরসনের আহ্বানের পাশাপাশি নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার স্পষ্ট বার্তা দিয়েছে।
ডিবিসি/এমএনকে