আন্তর্জাতিক

লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করে নিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪৮ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ (কালাত আল-শাকিফ) দখল করে নিয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' দুর্গটির ওপর ইসরায়েলের পতাকা উড়তে থাকার ছবি প্রকাশ করার পর এই তথ্য সামনে আসে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত লেবানন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সংবাদমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও এপির প্রতিবেদন অনুযায়ী, ক্রুসেডারদের নির্মিত এই ঐতিহাসিক দুর্গটি দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে, লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত। ইউনেস্কো-সুরক্ষিত এই স্থাপনাটি ২০০০ সালে সেনা প্রত্যাহারের আগে দীর্ঘ ১৮ বছর ইসরায়েলের দখলে ছিল। চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল সংঘাতে লিপ্ত রয়েছে। গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের বর্তমান এই অভিযানকে গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে গভীর অনুপ্রবেশ হিসেবে দেখা হচ্ছে।

 

এদিকে বিউফোর্ট দুর্গ দখলকে ‘কৌশলগত বিজয়’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, গোলানি ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দুর্গটি দখল করা হয়েছে।

 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কাটজ বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশনা এবং আমার তত্ত্বাবধানে ইসরায়েলি বাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে, লিতানি নদী অতিক্রম করেছে এবং বিউফোর্ট রিজ দখল করেছে। এটি গ্যালিলি অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা ও আমাদের বাহিনীর সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি।’ অভিযানের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল উল্লেখ করে তিনি আরও জানান, লড়াই এখনও চলছে এবং হিজবুল্লাহকে দুর্বল করা ও ইসরায়েলের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন