লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় বুর্জ কালাউইয়াহ হেলথ কেয়ার সেন্টারে এ ভয়াবহ হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি নিহতের প্রাথমিক হিসাব। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
দেশটিতে ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধির পর এ পর্যন্ত অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জনই শিশু। এছাড়া এখন পর্যন্ত আহত হয়েছেন ১ হাজার ৯০০ জনের বেশি মানুষ। বর্তমানে লেবাননের কেবল দক্ষিণাঞ্চলেই নয়, বরং রাজধানী বৈরুত জুড়েও ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি