লেবাননের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত স্থল অভিযান এবং এর ফলে সৃষ্ট চরম মানবিক ও বাস্তুচ্যুত সংকটের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের কারণে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলমান এই যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, এই বাস্তুচ্যুত মানুষগুলো এমন এক যুদ্ধের প্রধান শিকারে পরিণত হয়েছে, যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
বক্তব্য চলাকালীন প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখনো অবস্থানরত সাহসি নাগরিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও অভিবাদন জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, রাষ্ট্র এসব মানুষের পাশে থাকবে এবং তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি হামলার মুখে লেবানন বর্তমানে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মোকাবিলা করছে। আন্তর্জাতিক মহলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল