লেবাননের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে বাস্তুচ্যুত হওয়া সাধারণ মানুষের জন্য ৩০ লক্ষ ইউরো (প্রায় ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার) মানবিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে আয়ারল্যান্ড। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে আয়ারল্যান্ডের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কায়রো ও লেবাননে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত এইডান ও হারা লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি-কে আয়ারল্যান্ড সরকারের এই অর্থ বরাদ্দের বিষয়ে অবহিত করেছেন।
আয়ারল্যান্ডের এই মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি বলেন, "এই সংকটময় মুহূর্তে আয়ারল্যান্ড সরকার ও সে দেশের সাধারণ মানুষ যে মহানুভবতা দেখিয়েছে, তার জন্য লেবানন গভীরভাবে কৃতজ্ঞ।"
সহায়তা ঘোষণার পাশাপাশি লেবানন সরকার তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক উত্তেজনা হ্রাসে লেবানন সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী, হিজবুল্লাহর অস্ত্র বাজেয়াপ্ত করা এবং তাদের সামরিক ও গোয়েন্দা কার্যক্রম বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লেবানন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে।
ডিবিসি/এসএফএল